হন্ডুরাসে প্রথম বিটকয়েন এটিএম

৩০ আগষ্ট, ২০২১ ০৯:২৮  
হন্ডুরাসে চালু হলো প্রথম ক্রিপ্টোকারেন্সি এটিএম। প্রতিবেশি দেশ এল সালভাদর যখন বিটকয়েনকে প্রথম দেশ হিসেবে আইনী স্বীকৃতি দিয়েছে সেই সময়ে হন্ডুরাসে বিটকয়েন কেনার আগ্রহ বেড়ে যাওয়ায় এই এটিএম স্থাপন করা হলো। খবর রয়টার্স। স্থানীয় ভাষায় এই এটিএমকে ‘লা বিটকয়েনেরা’ বলা হয়। দেশটির রাজধানী টেগুচিগালপার একটি অফিস ভবনে এই এটিএম স্থাপন করেছে হন্ডুরান প্রতিষ্ঠান টিজিইউ কনসাল্টিং গ্রুপ। এর মাধ্যমে স্থানীয় মুদ্রা ব্যবহার করে বিটকয়েন এবং ইথেরিয়াম কিনতে পারবেন আগ্রহীরা। জিজিইউ এর প্রধান নির্বাহী জুয়ান মায়েন (২৮) হন্ডুরাসের অধিবাসীদেরকে সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে ভার্চুয়াল মুদ্রা সম্পর্কে সচেতন করতে এই এটিএম স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, বর্তমানে ক্রিপ্টোকারেন্সি কেনার কোনো স্বয়ংক্রিয় সুযোগ নেই। আপনাকে নির্দিষ্ট পরিমান অর্থ বহন করে সরাসরি বিক্রেতার সাথে দেখা করে ক্রিপ্টোকারেন্সি কিনতে হবে, যা হন্ডুরাসে খুবই বিপদজনক ও ঝামেলাপূর্ণ কাজ। অপরদিকে নতুন স্থাপিত এই এটিএম ব্যবহার করে নিজেদের অফিশিয়াল আইডেন্টিফিকেশন স্ক্যান করে ও ব্যক্তিগত তথ্য যে ফোন নাম্বার ইনপুট করে যে কেউ ক্রিপ্টোকারেন্সি কিনতে পারবেন। যদি এটিএম সেবাটি জনপ্রিয় হয় তাহলে তিনি আরও এটিএম স্থাপনের আশা প্রকাশ করেন। ডিবিটেক/বিএমটি